নকশালবাড়ির লালিজোত সীমান্তে এসএসবির হাতে আটক বিদেশি ফুটবলার সহ এক ভারতীয় যুবক। খোলা ভারত নেপাল সীমান্ত দিয়ে ভারত থেকে নেপালে প্রবেশ করার সময় এসএসবির জওয়ানদের হাতে আটক হন বিদেশি ফুটবলার। ধৃত ফুটবলার আবদুল্লা আবুবকর, সেনেগালের বাসিন্দা। এসএসবি সূত্রে খবর, ২০১৯ সালে নেপালে ফুটবল খেলতে আসেন এই সেনেগালের ফুটবলার। আজ ফের নেপালে প্রবেশ করতে গিয়ে এসএসবির জওয়ানদের হাতে আটক হন। অন্যদিকে বিদেশি ফুটবলারকে সীমান্ত পারাপারের সুবিধা করার অভিযোগ বিহারের বাসিন্দা মুকেশ ঠাকুর নামক এক যুবককে গ্রেফতার করে নকশালবাড়ি পুলিশে তুলে দেওয়া হয়েছে। ধৃতদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।







